বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মডেল ও উপস্থাপক ইসরাত পায়েল
- আপডেট সময় : ১০:২০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 25
ক্যারিয়ারের ব্যস্ততার মাঝে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন মডেল ও উপস্থাপক ইসরাত পায়েল। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। পরিবারের পূর্ণ সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা। নিজের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে পায়েল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে সম্পন্ন হয়েছে। আজকের দিনে সুখে থাকার চেয়ে সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখাই বড় চ্যালেঞ্জ। আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত আমরা একসঙ্গে টিকে থাকতে পারি।’
পায়েলের জীবনসঙ্গী আল-আমিন চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। জানা গেছে, তিনি যুক্তরাজ্যে ব্যবসা পরিচালনা করেন। বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয় যে, বিয়েটি কবে হয়েছে। এ বিষয়ে নিজেই বিষয়টি স্পষ্ট করে পায়েল জানান, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বেশ কয়েক দিন আগেই। এক মন্তব্যের ঘরে পায়েল বলেন, ‘বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে—এই প্রশ্নটি এখন প্রযোজ্য নয়। আল্লাহ চাইলে সারাজীবন টিকে থাকবে, না চাইলে এখনই শেষ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
মিডিয়া জগতে দীর্ঘ সময় ধরে উপস্থাপনার মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ইসরাত পায়েল। ছোটপর্দার বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বড় বড় আয়োজনেও তাকে সাবলীল উপস্থাপনায় দেখা গেছে। মূলত ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সফলতার পর তিনি ব্যাপক পরিচিতি পান। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন ইভেন্টে উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন তিনি।
উপস্থাপনার বাইরেও মডেলিংয়ে সমান সক্রিয় পায়েল। নিজের কাজের পরিধি আরও প্রসারিত করে উদ্যোক্তা হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন। ক্যারিয়ারের সাফল্যের চূড়ায় থাকার সময়েই ব্যক্তিগত জীবনের এই নতুন যাত্রা শুরু করলেন তিনি। সব মিলিয়ে বিনোদন অঙ্গনে নিজের কাজের মাধ্যমে নিয়মিত আলোচনায় থাকা ইসরাত পায়েল এখন নতুন জীবনে পা রাখায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন।

























