ভূমিকম্পের পর তুরস্ক-সিরিয়ায় ২,৪০০ আফটারশক, নিহত ৩৫ হাজার
- আপডেট সময় : ১২:২৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- / 112
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার লোক নিহত হয়েছে। এদিকে গত সোমবার ভোরে প্রধান ভূমিকম্পটির দেশ দুটিতে দুই হাজার চার শ’টি আফটারশক হয়েছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রোববার রাতে ঘোষণা করে যে ভূমিকম্পে তাদের দেশে অন্তত ২৯ হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে। আর উদ্ধার করা হয়েছে এক লাখ ৪৭ হাজার ৯৩৪ জনকে।
অন্য দিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ভূমিকম্পে তাদের দেশে নিহত হয়েছে পাঁচ হাজার ২৭৩ জন। তাদের আশঙ্কা, নিহতের সংখ্যা বেড়ে হবে সাত হাজার।
এদিকে সোমবার প্রথম ভূমিকম্পটির পর আফটারশক ঘটেই চলেছে। এখন পর্যন্ত দুই হাজার ৪০০ আফটারশক হয়েছে।
মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ অথবা তারচেয়ে বেড়ে যাবে।
জাতিসঙ্ঘ ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস এ কথা বলেছেন।
তিনি শনিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কাহরামনমারাস শহরে আসেন। এটি সোমবারের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল ছিল।
স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, আমি মনে করি সঠিক হিসেব দেয়া কঠিন। তবে আমি নিশ্চিত এটি দ্বিগুণ কিংবা তারচেয়ে বেশি হবে।
তিনি আরো বলেছেন, আমরা প্রকৃতপক্ষে মৃতের সংখ্যা গণনা শুরু করিনি।
হিমশীতল আবওহায়া উপেক্ষা করে হাজার হাজার উদ্ধারকর্মী এখনও তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারনে গৃহহারা লাখ লাখ লোক অবর্ণনীয় অবস্থায় রয়েছে। তাদের জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, তুরস্ক ও সিরিয়ায় অন্তত আট লাখ ৭০ হাজার লোকের জরুরি ত্রাণ প্রয়োজন। কেবলমাত্র সিরিয়ায় ৫৩ লাখ লোক গৃহহীন হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে শক্তিশালী এই ভূমিকম্পে দুই কোটি ৬০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : আল জাজিরা, বিবিসি, এএফপি ও অন্যান্য
বিডিসংবাদ/এএইচএস


























