মরিয়ম খাতুন মৃত্যুতে সংসদ সদস্যের আত্মীয় গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 18
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুসংক্রান্ত মামলায় ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার ২৩ সেপ্টেম্বর তাকে ঢাকার আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। আদালতে দেওয়া আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, মরিয়মের মৃত্যুর ঘটনার সঙ্গে ওবায়দুর রহমানের সম্পৃক্ত থাকার বিষয়ে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। শুনানিকালে প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, আসামিপক্ষের পক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের বিপরীতে অবস্থিত ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের দেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই পুলিশ সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নিয়েছিল। পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম এবং ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এরপরই মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়।

























