শপিংমল ও হোটেল-রেস্তোরাঁ বন্ধের নতুন সময়সূচি
- আপডেট সময় : ০৯:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / 180
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জ্বালানি সাশ্রয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব দোকানপাট, শপিংমল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টায় বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া রাত ১০টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে হোটেল-রেস্তোরাঁ। আর সিনেমা হল বন্ধ করতে বলা হয়েছে রাত ১১টার মধ্যে।
আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা উল্লেখ করে দক্ষিণ সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এ নির্দেশনা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় ১ সেপ্টেম্বর সকাল থেকে সব দোকান-পাট, শপিংমল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা, চলচ্চিত্র প্রেক্ষাগৃহ, চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান ইত্যাদির সময়সূচি নির্ধারণ করে দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সব ধরনের দোকান-পাট, শপিংমল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ৮টায় বন্ধ হবে।
রান্না করা হয় এমন রেস্তোরাঁ রাত ১০টায় এবং খাবার সরবরাহ করা হয় এমন রেস্তোরাঁ রাত ১১টায় বন্ধ করতে হবে।
এ ছাড়া চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা রাত ১১টা পর্যন্ত, সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত এবং হাসপাতালের সাথে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা থাকবে।
বিডিসংবাদ/এএইচএস























