শিল্পকলায় প্রথম দিন: যে বার্তা দিলেন সৈয়দ জামিল আহমেদ
- আপডেট সময় : ০৬:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / 154
বিনোদন প্রতিবেদক
একাডেমির সকল কাজকর্ম হবে জবাবদিহিতামূলক ও স্বচ্ছ। মহাপরিচালক হিসেবে শিল্পকলা একাডেমিতে যোগ দিয়ে প্রথম বৈঠকে স্পষ্ট ভাষায় কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি এমন বার্তা দিয়েছেন নাট্যজন সৈয়দ জামিল আহমেদ।
আজ (১০ সেপ্টেম্বর, ২০২৪) সকালে একাডেমিতে যোগদান করেছেন দেশের অন্যতম প্রশংসিত এই নাট্য নির্দেশক ও শিক্ষক। এ সময় নতুন মহাপরিচালকে ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীরা। এছাড়াও শুভেচ্ছা জানায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ সময় সংস্কৃতি অঙ্গনের সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নতুন মহাপরিচালক।
মঙ্গলবার সকালে গুণী এই ব্যক্তিত্বকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বাগত জানিয়েছেন সকল স্তরের কর্মকর্তা শিল্পী ও কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের নিয়ে জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিশেষ মত বিনিময় সভা করেন নতুন মহাপরিচালক।
এসময় তিনি বলেন, ‘একাডেমির কর্মকাণ্ডকে সকল স্তরের মানুষের মাঝে আমরা পৌঁছে দিতে চাই। একাডেমির সকল কাজকর্ম হবে জবাবদিহিতামূলক ও স্বচ্ছ। আইন অনুযায়ী সকল কর্মকাণ্ড পরিচালিত হবে। আইন ও নিয়ম-নীতি বহির্ভূত কোনও কিছুই এখানে ঘটবে না।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমি সমূহের সংস্কার ও কার্যক্রম দ্রুত চালুর ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে।’’
এ সময় একাডেমির কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে– প্রবিধানমালা সংশোধন, কর্মঘণ্টা নির্ধারণ, আবাসন সংকট এবং এ সংক্রান্ত নানান বিষয় তুলে ধরেন একাডেমির কর্মকর্তারা।
শিল্পীদের সঙ্গে সৈয়দ জামিল আহমেদ
শিল্পীদের সঙ্গে সৈয়দ জামিল আহমেদ
বলা দরকার, সৈয়দ জামিল আহমেদ আগামী দুই বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মঞ্চনাটক, প্রায়োগিক মঞ্চ-নির্দেশনা, লোককথা ও সংস্কৃতি অধ্যয়নের ওপর ষাটের বেশি একাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে সৈয়দ জামিল আহমেদের। সঙ্গে শিক্ষকতা আর নাট্য প্রযোজনা দিয়ে মুগ্ধ করে চলেছেন এই নাট্যজন।
বিডিসংভাদ/আতে


























