সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের
- আপডেট সময় : ১০:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / 131
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার দাবি করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দেশটির ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশেরও বেশি ধ্বংস করেছে তারা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় আইডিএফ।
বিবৃতিতে বলা হয়, বাশার আল আসাদের পতনের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা সিরিয়ার পরিস্থিতি ব্যাপকভাবে মূল্যায়ন করছে। এ ধরনের পরিস্থিতির পূর্বপ্রস্তুতি হিসেবে কৌশলগত অস্ত্রশস্ত্রসহ সিরিয়ার সামরিক সক্ষমতা নিষ্ক্রিয় করার লক্ষ্যে (ইসরাইলি) বিমান বাহিনী ব্যাপক হামলার পরিকল্পনা করেছে।
আসাদ সরকারের পতনের পর থেকে গত কয়েক দিনে শত শত জঙ্গি বিমান ও বিমান দিয়ে সমন্বিত হামলা চালিয়ে আসছে ইসরাইল। এসব হামলায় সিরিয়ার যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র, ইউএভি, রাডার ও রকেটসহ সবচেয়ে কৌশলগত অস্ত্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস






















