সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা
- আপডেট সময় : ১০:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 2
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ ব্যবস্থাপনায় এসেছে বড় পরিবর্তন। যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষ আটটি ব্যাগেজ বেল্টের প্রতিটিতে চারটি করে মোট ৩২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। পাশাপাশি যাত্রীদের দেখার সুবিধার্থে ৬৫ ইঞ্চির ১৮টি বড় মনিটর বসানো হয়েছে। এই নতুন ব্যবস্থার ফলে এখন বিমান থেকে লাগেজ নামানো, পরিবহন এবং তা বেল্ট পর্যন্ত পৌঁছানোর পুরো প্রক্রিয়াটি সরাসরি মনিটরে দেখতে পারছেন যাত্রী ও সংশ্লিষ্টরা।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন জানান, আগে সিসিটিভি বা কর্মীদের বডি ক্যামেরার ফুটেজ কেবল কর্তৃপক্ষের সীমাবদ্ধতায় ছিল। এখন সেই পর্যবেক্ষণ ব্যবস্থা যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বেড়েছে। এর ইতিবাচক প্রভাবে বর্তমানে প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ লাগেজসেবা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে, যেখানে আগে এই হার ছিল মাত্র ৫০ থেকে ৫৫ শতাংশ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, বিমান অবতরণের এক ঘণ্টার মধ্যে লাগেজ সরবরাহ করা হলে তা মানসম্মত সেবা হিসেবে বিবেচিত হয়।
নতুন এই উদ্যোগের সুফল পেতে শুরু করেছেন যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে অধিকাংশ যাত্রী মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ হাতে পাচ্ছেন। চীন থেকে আসা নিয়মিত যাত্রী আব্দুল হান্নান আশিক জানান, মনিটরে সরাসরি নিজের লাগেজ নামানোর দৃশ্য দেখতে পারাটা এক দারুণ অভিজ্ঞতা, যা লাগেজের নিরাপত্তা ও ব্যবস্থাপনার প্রতি ভরসা তৈরি করে। থাইল্যান্ড থেকে আসা যাত্রী সাখাওয়াত আল মামুনও মনে করেন, আগে যেখানে লাগেজ নিয়ে বিভিন্ন জটিলতা ছিল, এখন মনিটরের কল্যাণে সেটি আর থাকছে না।
প্রবাসীদের মধ্যেও এই পরিবর্তন বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। শামিম হোসেন জানান, দুই বছর আগের তুলনায় এবারের অভিজ্ঞতা অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় ছিল। একইভাবে ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট নির্মাতা ওয়াকিফ হোসেনের মতে, বিদেশ থেকে ফেরার সময় যাত্রীরা সবসময় লাগেজের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। দীর্ঘ সময় অপেক্ষা এবং অব্যবস্থাপনার কারণে অনেক সময় ভ্রমণ আনন্দ মাটি হয়ে যেত, তবে আধুনিক এই নজরদারি ব্যবস্থা যাত্রীদের সেই দুশ্চিন্তা লাঘব করবে বলে তিনি মনে করেন।
























