হাসপাতাল থেকে বাসায় ফিরলেন দিলারা জামান
- আপডেট সময় : ০৭:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / 173
বিনোদন প্রতিবেদক
গত ১৯ জুন ছিল প্রখ্যাত নাট্যভিনেত্রী ও শিক্ষক দিলারা জামানের জন্মদিন। এদিন অনেকেই তাকে ‘মা’ সম্বোধন করে পোস্টা দিলেও ঘুনাক্ষরেও কেউ জানতেন না এদিন এই অভিনেত্রী হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। চারদিন হয় তিনি হাসপাতাল থেকে উত্তরার বাসায় ফিরেছেন। তার অসুস্থতার খবরটি এই প্রতিবেদককে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
একুশেপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, আশি ছুঁয়েছি। এখনতো সুস্থতা আমাদের জন্য সৃষ্টিকর্তার বিশেষ উপহার। নর্মালি আমার তেমন অসুখ বিসুখ নেই। তারপরও হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ি। পরে হাসপাতলে ভর্তি হতে বাধ্য হই। অসুস্থতার খবরে বড় মেয়ে তানিরা দেশে ফেরেন। যদিও অসুস্থতার খবর নিকটজন ছাড়া কাউকে জানানো হয়নি। এখন চিকিৎসকের পরামর্শে বাসাতেই চিকিৎসা নিচ্ছি। কথা বলাও বারণ, তাই ফোনও পিক করছি খুব কম।
কেউ খোঁজ-খবর নিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, জানলেতো অনেকেই খোঁজ নিবে। কিন্তু না জানানো হলেতো আর কারো কিছু করার নেই। এরমধ্যে প্রখ্যাত অভিনেত্রী শবনম বাসায় আসবে বলে ফোন করেছিলো। তার ফোন পেয়ে অবাকই হয়েছি, আবার খুশিও হয়েছি। বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা হলো। কিন্তু শরীরের এই অবস্থায় তাকে বাসায় আসার জন্য সায় দিতে পারিনি। ভাবছি সুস্থ হয়ে একদিন তাকে ডাকবো।
বিডিসংবাদ/আতে


























