স্টক এক্সচেঞ্জকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিএসই
- আপডেট সময় : ০৭:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 28
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
পুঁজিবাজারে সুষ্ঠু, কার্যকর ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করতে বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণ ও বাস্তবায়নে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) ক্ষমতা দেওয়ার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই)।
বৃহস্পতিবার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসি গত ১ জুলাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ২০ক-এর আওতায় একটি আদেশ জারি করেছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, বাজারে সুষ্ঠু, কার্যকর ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করা, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ডিএসই ও সিএসইকে নিজস্ব প্রবিধান ও নীতিমালা অনুযায়ী বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার স্বাধীনভাবে নির্ধারণ ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আদেশ অনুযায়ী দুই স্টক এক্সচেঞ্জ প্রাসঙ্গিক প্রবিধান, নীতিমালা ও পরিচালনাগত প্রয়োজনীয়তার আলোকে বাজার পরিচালনার বিভিন্ন নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা পাবে।
তবে এসব প্যারামিটারে কোনো পরিবর্তন আনা হলে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে তা অবিলম্বে বিএসইসিকে অবহিত করতে হবে। একই সঙ্গে বাজারের সব অংশগ্রহণকারীকে পরিবর্তনের বিষয়ে যথাযথভাবে জানাতে হবে। এতে আরও বলা হয়, পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমানে প্রচলিত বাজার নিয়ন্ত্রণ প্যারামিটারসমূহ বহাল থাকবে।
ডিএসই বিজ্ঞপ্তিতে বিএসইসি’র এ সিদ্ধান্তকে পুঁজিবাজারের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে একে স্বাগত জানানো হয়।
বিডিসংবাদ/এএইচএস

























