সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে
- আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 0
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের ঘটনায় দায়ের করা মামলায় চার জেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ প্রদান করেন। এর আগে বুধবার দিবাগত রাতে সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্যের বড় কুকুমারি খাল এলাকায় অভিযান চালিয়ে বনবিভাগের নলিয়ান স্টেশন কর্মকর্তারা তাদের আটক করেন।
আটককৃত জেলেরা হলেন আবুবকর (৪২), আছাদুল (৩০), পীর আলী (২৮) ও কাদের মোল্যা (৫৫)। তাদের সকলের বাড়ি খুলনার কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা এলাকায়। অভিযানের সময় বনকর্মীরা তাদের কাছ থেকে দুটি ডিঙি নৌকা, ৩০ কেজি সাদা মাছ, চার বোতল বিষ, দুটি ভেসালি জাল এবং ১০০ মিটার চরপাটা জাল জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, বিষ প্রয়োগ করে মাছ শিকার সুন্দরবনের জলজ প্রাণী ও সামগ্রিক জীববৈচিত্র্যের জন্য চরম হুমকিস্বরূপ। এতে মাছের পাশাপাশি নানা ধরনের জলজ প্রাণীর অস্তিত্ব সংকটের মুখে পড়ে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বনবিভাগের চলমান অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
























