অস্ট্রেলিয়ায় সম্মান অর্জন ও বেশি টেস্ট খেলার সুযোগ তৈরি করতে চান শান্ত
- আপডেট সময় : ১১:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 1
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
আসন্ন অস্ট্রেলিয়া সফরে জয়ের পাশাপাশি দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে সম্মান অর্জন ও ভবিষ্যতে আরও বেশি টেস্ট খেলার সুযোগ তৈরি করতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অস্ট্রেলিয়া সফরের আগে আজ সংবাদমাধ্যমের সাথে আলাপকালে শান্ত বলেন, ‘সেখানে ভালো ক্রিকেট খেলে সম্মান অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। আমরা যদি ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারি, তবে ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় আমাদের টেস্ট সিরিজের জন্য আমন্ত্রণ জানানোর সম্ভাবনা বাড়বে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ দল। দীর্ঘ ২৩ বছরের মধ্যে প্রথমবারের মত অস্ট্রেলিয়ায় টেস্ট সফরে যাচ্ছে টাইগাররা।
এই দীর্ঘ সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের একাধিক প্রজন্ম অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট না খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন।
অস্ট্রেলিয়ায় টেস্ট না খেলে ক্যারিয়ার শেষ করা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন দেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল।
দুই দশকেরও বেশি সময় ধরে ১শর বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। কিন্তু কখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেননি তিনি। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার দ্বারপ্রান্তে মুশি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের লক্ষ্য নিয়ে শান্ত বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচই জয়ের জন্য খেলি। তবে আসল বিষয় হলো আমরা কতটা ভালো খেলছি এবং প্রতিপক্ষকে কতটা চাপে ফেলতে পারছি।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি প্রতিদ্বনিদ্বতাপূর্ণ টেস্ট ম্যাচ উপহার দিতে পারি, তবে তা আমাদের জন্য ভালো হবে এবং ভবিষ্যতে এখানে আরও বেশি বেশি সফর করার সুযোগ তৈরি হবে।’
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়াকে বিশেষ সম্মানের বলে জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারাটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। গত ২৩ বছরে আমাদের সেখানে আরও বেশি টেস্ট ম্যাচ খেলা উচিত ছিল। তবে এটাও স্বীকার করতে হবে, দীর্ঘ সময় আমরা ধারাবাহিকভাবে ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারিনি।’
বাংলাদেশ অধিনায়ক আরও জানান, জাতীয় টেস্ট দলকে ঘিরে মানুষের প্রত্যাশা বেড়ে যাওয়াই প্রমাণ করে যে, দলের উন্নতির ফলে তাদের মধ্যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে।
তিনি বলেন, ‘একটি ইতিবাচক দিক হলো, প্রতিটি সিরিজেই ভক্তরা আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। তারা চায় আমরা যেন সব ম্যাচই জিতি। আর এটা খুবই ভালো লক্ষণ। ২৩ বছর আগে হয়তো পরিস্থিতি এমন ছিল না। এখন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে আমরা যেকোনো দলকে হারাতে পারি। এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন।’
সম্প্রতি ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। ঐ সিরিজে সফরকারী ব্যাটারদের ভুগিয়েছিলেন পেসার নাহিদ রানা।
আসন্ন টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে।
শান্ত মনে করেন, এটি প্রমাণ করে যে সাম্প্রতিক বছরগুলোতে ভালো পারফরমেন্সের মাধ্যমে তার দল প্রতিপক্ষের কাছে সম্মান অর্জন করেছে।
শান্ত বলেন, ‘তাদের দল ঘোষণার বিষয়টি আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। তারা আমাদের হালকাভাবে নেয়নি। আমার মনে হয়, দলের প্রতিটি খেলোয়াড়ই সেই সম্মানটুকু অর্জন করেছে। গত দুই-তিন বছরে আমরা যেভাবে টেস্ট ক্রিকেট খেলছি, তাতে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। যদিও উন্নতির আরও অনেক সুযোগ রয়েছে। আমরা যত ভালো খেলব, প্রতিপক্ষ আমাদের ততটাই গুরুত্বের সাথে নেবে।’
তবে শান্ত স্বীকার করেছেন, ইনজুরির কারণে পেসার নাহিদ রানাকে না পাওয়াটা বাংলাদেশের জন্য বড় ক্ষতি।
তিনি বলেন, ‘সে খেলতে পারলে ভালো হতো। কিন্তু ইনজুরি তো আমাদের নিয়ন্ত্রণে নেই। যারা এখন সুযোগ পেয়েছে, তাদের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ রয়েছে। তারা যদি ভালো পারফর্ম করে, তবে তা বাংলাদেশ দলকে আরও শক্তিশালী করে তুলবে।’
৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করবে বাংলাদেশ।
১৩ আগস্ট থেকে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর ২২ আগস্ট ম্যাকায়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।
ইতোমধ্যে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। কিছু খেলোয়াড়ের ফিটনেস যাচাই করার পর দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করবে টাইগাররা।
অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান।
বিডিসংবাদ/এএইচএস



















