শমরিতা হাসপাতালে ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘হিস্টোপ্যাথলজি অ্যান্ড সাইটোপ্যাথলজি ল্যাব’-এর কার্যক্রম
- আপডেট সময় : ০৮:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 14
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পান্থপথে অবস্থিত স্বনামধন্য চিকিৎসাকেন্দ্র শমরিতা হাসপাতালে আগামী ১ সেপ্টেম্বর (২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে অত্যাধুনিক ‘শমরিতা হিস্টোপ্যাথলজি অ্যান্ড সাইটোপ্যাথলজি ল্যাব’।
বিশেষত ফুসফুস, জরায়ু, স্তন, থাইরয়েড, পরিপাকতন্ত্র থেকে শুরু করে শরীরের যেকোনো স্থানের অস্বাভাবিক টিস্যু, টিউমার বা ক্যানসার শনাক্তে এখানে বায়োপসি এবং সাইটোলজিক্যাল নমুনা পরীক্ষা করা হবে। শরীরের যেকোনো অংশের সন্দেহজনক মাংসপিণ্ড, তরল বা কোষের নিখুঁত বিশ্লেষণের মাধ্যমে রোগীদের নির্ভুল ও দ্রুততম রিপোর্ট নিশ্চিত করে সঠিক চিকিৎসার পথ প্রশস্ত করাই এই বিশেষায়িত ল্যাবটির মূল লক্ষ্য।

ল্যাবটির সার্বিক তত্ত্বাবধান এবং নমুনা পরীক্ষার দায়িত্বে থাকবেন দেশের প্রখ্যাত প্যাথলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. রোকসানা জেবা [এমবিবিএস, এমডি (প্যাথলজি), বিসিএস (স্বাস্থ্য)]। তিনি ব্যক্তিগতভাবে ল্যাবে আসা চেস্ট বায়োপসি, প্লিউরাল ফ্লুইডসহ অন্যান্য সাইটোলজিক্যাল নমুনা পরীক্ষা করবেন এবং রোগীদের জন্য নির্ভরযোগ্য হিস্টোপ্যাথলজি রিপোর্ট প্রস্তুত করবেন।

শমরিতা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডা. এ বি এম হারুন এবং অধ্যাপক ডা. রোকসানা জেবার যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সেবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাজধানীর ৮৯/১, পান্থপথ ঠিকানায় অবস্থিত শমরিতা হাসপাতালে স্থাপিত এই ল্যাবটি দেশের স্বাস্থ্যসেবায় এক নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। সেবা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য হাসপাতালের হটলাইন ১০৬৭৪ নম্বরে যোগাযোগের সুবিধা রাখা হয়েছে।




















