ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 2
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজ।
সভায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ
- উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম।
- রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মহির উদ্দিন ও উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম।
- এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব উল আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঙ্গীত কুমার পাল, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দে।
নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি
সভায় সাংবাদিক মো. রায়হান আলীসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন। বক্তারা দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো গুজব ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। উপজেলা সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


























