মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
- আপডেট সময় : ০৫:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 0
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অশালীন কর্মকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তি হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতার। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের এই দণ্ড কার্যকর করা হয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী প্রথমে তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে যথাযথ তদন্ত শেষে আদালতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। আদালতের বিচারে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।
সৌদি আরবের আইন অনুযায়ী, ‘তাজির’ শাস্তির আওতায় এই দণ্ড দেয়া হয়েছে। বিচারিক কর্তৃপক্ষ তাদের অপরাধের গুরুত্ব, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন হওয়ার ঘটনা এবং অপরাধের প্রেক্ষাপট আমলে নিয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। উচ্চতর আদালতের রায় বহাল থাকার পর রাজকীয় আদেশের ভিত্তিতেই বুধবার মক্কা অঞ্চলে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে ঠিক কী ধরনের অনৈতিক কর্মকাণ্ডে তারা লিপ্ত ছিলেন, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং ধর্মীয় স্থানের পবিত্রতা যারা লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ইসলামী আইন প্রয়োগে সরকার বদ্ধপরিকর। এছাড়া, ভবিষ্যতে একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং আইন ভঙ্গের পরিণতি সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।






















