যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে চলেছেন হাকিম জেফ্রিস
- আপডেট সময় : ০৪:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 1
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার পথে রয়েছেন নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসম্যান হাকিম জেফ্রিস। ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে, আগামী ৩ জানুয়ারি ২০২৭ তারিখে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ ভোটে জয়ী হয়ে তিনি মার্কিন কংগ্রেসের ২৩৭ বছরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হিসেবে নতুন অধ্যায় রচনা করবেন। এদিকে নতুন ডেমোক্র্যাটিক নেতৃত্বেও একাধিক ঐতিহাসিক পরিবর্তন আসছে। ম্যাসাচুসেটসের কংগ্রেসওম্যান ক্যাথরিন ক্লার্ক মেজরিটি লিডার এবং ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান পিট আগুইলার মেজরিটি হুইপ নির্বাচিত হয়েছেন।
গত ১৮ নভেম্বর ওয়াশিংটনে ডেমোক্র্যাটিক পার্টির এক রুদ্ধদ্বার বৈঠকে গোপন ব্যালটের মাধ্যমে ৫৬ বছর বয়সী জেফ্রিসের মনোনয়ন চূড়ান্ত করা হয়। এই নির্বাচনে তিনি মোট ২৫১টি ভোট পেয়েছেন, যেখানে তার বিপক্ষে ভোট পড়েছে ১১টি। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাত থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এনবিসি নিউজের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, নতুন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টির আসনসংখ্যা ২৫৯ পর্যন্ত পৌঁছাতে পারে। এই গরিষ্ঠতা আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনে জেফ্রিসের জয়লাভের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। গত ১৮ নভেম্বর ওয়াশিংটনে ডেমোক্র্যাটিক পার্টির রুদ্ধদ্বার বৈঠকে গোপন ব্যালটে ২৫১ ভোট পেয়ে মনোনয়ন নিশ্চিত করেন ৫৬ বছর বয়সী জেফ্রিস। তবে চূড়ান্ত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেতে হবে তাঁকে।
ব্রুকলিনে জন্মগ্রহণকারী হাকিম জেফ্রিস ২০২৩ সালে ন্যান্সি পেলোসির উত্তরসূরি হিসেবে ডেমোক্র্যাটদের নেতৃত্ব গ্রহণ করেন। সে সময় কংগ্রেসের যেকোনো কক্ষে প্রধান দুই রাজনৈতিক দলের একটির নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে তিনি ইতিহাস গড়েছিলেন। তার এই নতুন যাত্রাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ সমীকরণে কিছু ভিন্নমতও উঠে আসছে। প্রগতিশীল ধারার কয়েকজন নবনির্বাচিত আইনপ্রণেতা স্বাস্থ্যসেবা সংস্কার, অভিবাসন আইন প্রয়োগ, নির্বাচনী প্রচারণায় অর্থের ব্যবহার নিয়ন্ত্রণ এবং গাজা যুদ্ধ বিষয়ে তার কাছ থেকে আরও স্পষ্ট ও সুনির্দিষ্ট অবস্থান প্রত্যাশা করছেন। দলের প্রগতিশীল অংশের আপত্তি সত্ত্বেও এই সমর্থনকে তাঁর নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্টের উত্তরাধিকারক্রমেও ভাইস প্রেসিডেন্টের পরই স্পিকারের অবস্থান।
অন্যদিকে, হাকিম জেফ্রিস দলীয় ঐক্যের ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। আগামী কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ, সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ এবং সরকারি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। নিজের নেতৃত্ব ও রাজনৈতিক দর্শনের মাধ্যমে তিনি কংগ্রেসের কার্যক্রমকে জনকল্যাণমুখী করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় স্পিকার প্রতিনিধি পরিষদের কার্যক্রম পরিচালনা, আইন প্রণয়নের অগ্রাধিকার নির্ধারণ এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
























