নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
- আপডেট সময় : ০৯:৫৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 0
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি এই সংঘর্ষে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন।
দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পাওয়ার পরপরই নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। উদ্ধারকৃতদের নাটোর সদর হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
























