তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের
- আপডেট সময় : ১০:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 3
তুরস্কের সঙ্গে ভূমধ্যসাগরে সামুদ্রিক অধিক্ষেত্র নির্ধারণের বিষয়ে করা সমঝোতা স্মারকটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে লিবিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির আইনপ্রণেতাদের এ সিদ্ধান্তের মাধ্যমে আগের কঠোর অবস্থান থেকে সরে এলো ত্রিপোলি। মূলত ২০১৯ সালের নভেম্বরে আঙ্কারা এবং লিবিয়ার তৎকালীন জাতীয় ঐকমত্যের সরকারের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিটির বিরোধিতা করে আসছিল লিবিয়ার পার্লামেন্ট। ২০১৯ সালের নভেম্বরে তুরস্ক ও লিবিয়া ভূমধ্যসাগরে নিজ নিজ সামুদ্রিক এলাকার সীমানা নির্ধারণে চুক্তিটি সই করে। ওই প্রস্তাবে লিবিয়া ও তুরস্কের মধ্যে সই হওয়া দুটি সমঝোতা স্মারক অনুমোদনের বিরোধিতা করা হয়েছিল। মঙ্গলবারের ভোটের মধ্য দিয়ে চুক্তি এবং তুরস্কের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের বিষয়ে লিবিয়ার পার্লামেন্টের আগের অবস্থানের পরিবর্তন ঘটল।
আইনসভার পক্ষ থেকে বেনগাজি থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যে, এই অনুসমর্থনের পাশাপাশি ২০২০ সালের ১ নম্বর প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। একইসাথে ওই বছর গৃহীত ৬ নম্বর প্রস্তাবটিও বাতিল করেছেন আইনপ্রণেতারা। উল্লেখ্য, তুরস্কের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিল ওই প্রস্তাবগুলো। দীর্ঘদিনের দূরত্ব কমিয়ে আঙ্কারার সঙ্গে কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক পুনরুদ্ধারের পথে এটি বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

























