সিরাজগঞ্জে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে নিঃস্ব বৃদ্ধ গুটু শেখ
- আপডেট সময় : ০২:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 5
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি চরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন গুটু শেখ নামে এক অসহায় বৃদ্ধ। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে তাঁর গোয়ালঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে মারা গেছে তাঁর একমাত্র সম্বল দুটি গরু। প্রাথমিক তথ্যানুযায়ী, গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জমিহীন গুটু শেখের বেঁচে থাকার অবলম্বন ছিল ওই দুটি গরু। গরু দুটির দেখভাল করেই বৃদ্ধ বয়সে দিন কাটছিল তাঁর। পরিবারের ভরসা ও ভবিষ্যতের আশ্রয় বলতে ছিল গরু দুটি, যা মুহূর্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জীবনের শেষ বেলায় এসে এমন বড় ধরনের লোকসানে অসহায় বৃদ্ধ ও তাঁর পরিবার চরম দিশেহারা হয়ে পড়েছেন। এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য তাঁর নেই।
স্থানীয় সচেতন মহল অসহায় এই বৃদ্ধের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। সহায়তার হাত বাড়িয়ে দিলে পরিবারটি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে। কেউ আর্থিক অনুদান দিয়ে অথবা গরু কিনে দেওয়ার মতো উদ্যোগ নিলে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য ঘুরে দাঁড়ানো সহজ হবে বলে মনে করছেন এলাকাবাসী।
























