রাহুল গান্ধী |: আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের
- আপডেট সময় : ০৮:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 7
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ডাকা ‘গণ-ইমপিচমেন্ট’ কর্মসূচি একদিন পিছিয়ে দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। শুক্রবার লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এই ঘোষণা দেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে বিকাল ৪টায় এই কর্মসূচি হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে তা পিছিয়ে শনিবার একই সময়ে নির্ধারণ করা হয়েছে। জোটের জ্যেষ্ঠ নেতাদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাহুল জানান।
আগামী ১ নভেম্বর ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রামলীলা ময়দান অভিমুখী পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের নেতৃত্ব সম্মিলিতভাবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছেন।
রাহুলের দাবি, বিরোধীদের এই দুটি কর্মসূচি মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তার অনুসারীদের দ্বারা গণতন্ত্র ধ্বংসের প্রচেষ্টার বিরুদ্ধে। এসব কর্মসূচিতে যোগ দেওয়া থেকে বিরত রাখতে উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও তেলেঙ্গানা থেকে আসা মানুষদের বাধা দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
কংগ্রেস নেতা আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের দিল্লিতে আসা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে সব ধরনের বিধিনিষেধ পেরিয়ে কত মানুষ রাজধানীতে পৌঁছাতে সক্ষম হলেন, তা রামলীলা ময়দানের উপস্থিতির মাধ্যমেই প্রমাণিত হবে।























