নরসিংদীর শিবপুরে কৃষককে গলা কেটে হত্যা
- আপডেট সময় : ০২:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
- / 962
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে বজলুর খান (৬৫) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বজলুর খান উত্তর সাধারচর এলাকার মৃত রূপচাঁন খানের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, গত সপ্তাহে উত্তর সাধারচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে শরীফ নিহত বজলুর খানের কলা ক্ষেত থেকে কলার ছড়ি কেটে নেয়। এতে বজলুর খান সন্ত্রাসী শরিফের মামা হান্নান মাস্টারের কাছে বিচার দেয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে শরীফ তার বাড়ীর কাছে বজলুরকে পেয়ে পিছন থেকে এসে চাপাতি দিয়ে তার ঘাড়ে উপর কোপিয়ে আহত করে। এতে শরীফ এর গলা দিয়ে ফিনকির মতো রক্তধারা প্রবাহিত হয়ে রক্তশূণ্যতায় আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শরীফ সাবেক এমপি জহিরুল হক মোহনের ভাগিনা বলে ক্ষমতার দাপটে এলাকায় যা ইচ্ছা তাই করে বেড়ায়। তার ভয়ে এলাকার নিরীহ মানুষ তটস্থ থাকে বলে নিহতের ভাতিজা জাকারিয়া জানান। সে অবিলম্বে শরীফকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
এদিকে ঘটনার পর পর ঘাতক শরীফ গা ঢাকা দিয়েছে।
এ ব্যাপারে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয় নাই। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


























