মুফতি হান্নানসহ ৩ আসামির রিভিউ দাখিল
- আপডেট সময় : ০২:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
- / 285
ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দাখিল করেছে হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ মৃত্যুদণ্ড তিন আসামি। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দাখিল করেছেন এডভোকেট অনরেকর্ড নাহিদ সুলতানা।
বাংলাদেশে নিযুক্ত তত্কালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যাচেষ্টার মামলায় আপিল বিভাগ মুফতি হান্নানসহ তিনজনকে হাইকোর্টের দেয়া ফাঁসির রায় বহাল রাখে। অপর দুই আসামি হলেন— শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার রিপন।
আপিল বিভাগের রায়ের পরই বিচারক আদালত এই তিনজনের মৃত্যু পরোয়ানা জারি করে। পরে কারা কর্তৃপক্ষ তাদের মৃত্যু পরোয়ানা পড়ে শোনান। তখন আসামিরা রিভিউ পিটিশন দায়েরের বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। আপিল বিভাগের রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার পর তারা রিভিউ পিটিশন দাখিল করলেন।
আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, রিভিউ পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করা যাবে না।


























