মহারাষ্ট্রেও ‘পদ্মাবতী’-র সেটে আগুন!
- আপডেট সময় : ১২:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
- / 229
কয়েক মাস আগেই রাজস্থানে বেধড়ক মার খেতে হয় সঞ্জয় লীলা বনশালীকে। এমনকী, পদ্মাবতীর সেটও গুড়িয়ে দিয়েছিল উগ্রগোষ্ঠিরা।
এবার মহারাষ্ট্রেও আক্রান্ত ‘পদ্মাবতী’। জানা গেছে, মহারাষ্ট্রের কোলহাপুরে ‘পদ্মাবতী’র সেট ভেঙে গুড়িয়ে দিল উগ্রগোষ্ঠি। সেইসঙ্গে আগুনও লাগিয়ে দেওয়া হয় সেটে। তবে, এই ঘটনায় কেউ হতাহত হননি। সঞ্জয়লীলা বনশালী নিরাপদেই আছেন জানা গিয়েছে।
মঙ্গলবার রাতে কোলহাপুর মাসাই মালভূমিতে ‘পদ্মাবতী’-র সেটে হামলা চালায় ৪০ থেকে ৫০ জনের একটি দুষ্কৃতী দল। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তারা ঢুকে পড়ে সেটে। পাথর, লাঠি, ধারাল অস্ত্র নিয়ে এসেছিল হামলাকারীরা। সেটের সামনে থাকা একাধিক গাড়িতে ভাঙচুর চালায় দলটি। এরপর সেটে ভাঙচুরের সঙ্গে সঙ্গে আগুন লাগিয়ে দেয়। হামলাকারীরা নানা ধরনের স্লোগান দিচ্ছিল বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে হামলাকারীরা চরম হিন্দুত্ববাদী কোনও সংগঠনের সঙ্গে জড়িত।
সৌভাগ্যক্রমে এবার কোনওমতে রক্ষা পেয়েছেন সঞ্জয়লীলা বনশালী। তিনি অক্ষত আছেন বলেই জানা গিয়েছে। বুধবার সকালে এই নিয়ে ভনশালী প্রোডাকশনের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের হয়। এরপর পুলিশ আশপাশের এলাকা থেকে বেশ কয়েক জনকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই জয়পুরে কারনানি সেনা নামে এক চরম হিন্দুবাদী সংগঠন ‘পদ্মাবতী’-র সেটে ঢুকে হামলা চালিয়েছিল। এরপরই সঞ্জয়লীলা বনশালী মহারাষ্ট্রের কোহলাপুরের মাসাই মালভূমিতে ‘পদ্মাবতী’-র সেট বানান।
এদিনের হামলার জেরে আপাতত অনির্দিষ্টকালের জন্য শ্যুটিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বনশালী। জয়পুরের হামলার পরও বহুদিন শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল।
‘পদ্মাবতী’-তে সঞ্জয়লীলা বনশালী আলাউদ্দিন খিলজি এবং রানি পদ্মিনীর মধ্যে শারীরিক সম্পর্ক দেখাতে চাইছেন বলে অভিযোগ, কিন্তু, হিন্দুবাদীদের দাবি ইতিহাসে কোথাও এমন সম্পর্কের কথা লেখা নেই। এই নিয়ে সঞ্জয়লীলা বনশালীর ‘পদ্মাবতী’ নিয়ে ক্ষুব্ধ হিন্দুত্ববাদী সংগঠনগুলি। রানি পদ্মিনীকে সতীত্বের আদর্শ বলে মানেন হিন্দুরা। যদিও, বাস্তবে আদৌ পদ্মিনী বলে কোনও রাজপুত রানি ছিলেন কি না তা নিয়েই দ্বিমত আছে ঐতিহাসিকদের মধ্যে। রানি পদ্মিনীর কাহিনি প্রবল জনপ্রিয়তা পায় ষোড়শ দশকে। সুফি কবি মালিক মুহম্মদ জয়শি ‘পদ্মিনী’-কে নিয়ে কবিতা লেখার পর।


























