নুরজাহানের দরদী কন্ঠে আবদুল আলীমের গান (ভিডিও)
- আপডেট সময় : ১২:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭
- / 1532
বিডিসংবাদ প্রতিবেদক: বাংলা ভাষায় উপমহাদেশের কিংবদন্তি মরমী সঙ্গীতশিল্পী আবদুল আলীমের কালজয়ী গান বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছেন তারই উত্তরসূরী নুরজাহান আলীম। এরই অংশ হিসেবে গত ১৫ ফেব্রুয়ারিতে ৩টি গান নিয়ে ‘যারে ছেড়ে’ নামে একক অ্যালবাম প্রকাশ করেন নুরজাহান।
আনপ্লাগড ভার্সনে এই ৩টি গানের সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ। ইতোমধ্যে অ্যালবামটির গানগুলো এই প্রজন্মের শ্রোতারা গ্রহণ করেছে।
তবে এসবের কৃতিত্ব নিজেকে দিতে চান না শ্রুতিমধুর কন্ঠের অধিকারী এই গায়িকা। তার ভাষায় পুরো কৃতিত্ব বাবা আবদুল আলিমের। সে সঙ্গে জাহিদ বাশারের পরিশ্রম নিঃশন্দেহে প্রশংসার দাবি রাখে।
নূরজাহান আলীম জানান, ‘অসময়ে বাঁশি বাজায় কে’, ‘যারে ছেড়ে’ ও ‘ তোমারও লাগিয়া রে’ শিরোনামের ৩টি গান রয়েছে এই অ্যালবামে। অ্যালবামটি বের হয়েছে লেজার ভিশন থেকে।
নূরজাহান আলীম বলেন, আশা করছি এই প্রজন্ম গানগুলোকে সুন্দরভাবে গ্রহণ করবে। এটা আমার প্রত্যাশা। কারণ গানগুলোকে নতুনভাবে সাজানো হয়েছে। আমি মনে করি আবদুল আলীমের কালজয়ী গানগুলোকে আমরা যদি নতুনভাবে মিউজিক দিয়ে করি তাহলে এই প্রজন্মের কাছে ভালো লাগবে। নতুনভাবে আবদুল আলীমকে তার চিনবে। জানবে। তাকে এভাবে আমরা যদি তুলে ধরি তাহলে আবদুল আলীম সবার মাঝে বেঁচে থাকবেন।
তিনি আরও বলেন, অনেক দিন ধরেই চিন্তা করছিলাম বাবার গান নিয়ে নিজের একটি একক অ্যালবাম করবো। আমার সেই স্বপ্ন পুরণ হলো ‘যারে ছেড়ে’ অ্যালবামের মাধ্যমে। তার প্রতি শ্রদ্ধা। বাবার গাওয়া লোকজ আমেজের গানগুলোর আবেদন অনন্তকাল থাকবে বলে আমি মনে করি। প্রজন্ম থেকে প্রজন্ম আবদুল আলীমের সৃস্টি বেঁচে থাকবে আমাদের সঙ্গীতে। আমাদের লোকগানে।
৩টি গানের মধ্যে ইতোমধ্যে লেজার ভিশন থেকে রাইসুল ইসলামের পরিচালনায় একটি গানের মিউজিক ভিডিও করা হয়েছে। মিউজিক ভিডিওটি ইউটিউবেও দারুন সাড়া ফেলেছে।


























