দুর্ব্যবহারের অভিযোগে শ্রেয়ার কনসার্ট বয়কট
- আপডেট সময় : ০১:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
- / 215
রাজধানীতে ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্টে আয়োজক কর্মকর্তা কর্তৃক সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে এ ঘটনা ঘটে।
রাজধানীর আইসিসিবিতে শ্রেয়া ঘোষালের কনসার্ট আয়োজন করে অক্টোপি লিমিটেড ও এটিএন ইভেন্টস। রাত ৯টায় শ্রেয়া ঘোষাল মঞ্চে ওঠেন। কনসার্ট চলাকালীন অক্টোপি লিমিটেডের কর্মকর্তা মামুন সাংবাদিকদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিকরা কোনোরকম বিশৃঙ্খল ঘটনা না ঘটিয়ে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান।
এদিকে এটিএন ইভেন্টসের কর্মকর্তারা বিষয়টি সুরাহা করতে চাইলেও অক্টোপির পক্ষ থেকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। ‘মামুন ক্ষমা চাইবেন’ বললেও গড়িমসি করা হয়। শেষমেশ অনুষ্ঠান বয়কট করেন সাংবাদিকরা।
বাংলাভিশনের সাংবাদিক শাহীন সম্পদ তালুকদার জানান, তিনি সহকর্মীর হাতে নিজের প্রবেশ কার্ড জমা রেখে কনসার্ট থেকে বেরিয়ে অফিসের গুরুত্বপূর্ণ একটি কাজে যান। কাজ সেরে ফের অনুষ্ঠালস্থলে চলে আসেন। এসময় শাহীন হলের গেটে সহকর্মী জ্যাকিকে ফোন দিচ্ছিলেন যাতে তার কার্ডটা দিয়ে যায়। জ্যাকি আসার পূর্বেই অক্টোপি লিমিটেডের মামুন দুর্ব্যবহার শুরু করেন। অসম্মানজনক কথাবার্তা বলতে থাকেন।
শাহীন সম্পদ আরও বলেন, জ্যাকি কার্ড নিয়ে আসার পর দুটো কার্ড হাত থেকে নিয়ে মামুন ছিঁড়ে ফেলেন এবং দুজনকেই বেরিয়ে যেতে বলেন।
শাহীন অভিযোগ করেন, ওই কর্মকর্তা বারবার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন এবং পাশে থাকা চ্যানেলটোয়েন্টি ফোরের ক্যামেরায় আঘাত করেন।
এ বিষয়ে এটিএন ইভেন্টসের মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। আফরিদ হাসান বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। আমি চেষ্টা করেছি বিষয়টি সামলানোর কিন্তু অক্টোপি কর্মকর্তার আচরণে আমি নিজেই লজ্জিত।


























