শরীরে ভিটামিন ডি-র ঘাটতিতে যা হতে পারে
- আপডেট সময় : ১০:১৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
- / 324
আগেকার দিনে স্নানের আগে গায়ে তেল মেখে বাড়ির দালানে বা উঠোনে বসে রোদ পোহানোর রেওয়াজ ছিল। এখন আমাদের না আছে অত সময়, না আছে সেই দালান। বাড়ির পাশেই অন্য বাড়ির পাঁচিল, উঁচু ছাদ। ফলে বাড়ির বারান্দায়, ঘরে কোথাও রোদ এসে পৌঁছয় না। প্রতি দিনের ব্যস্ত রুটিনে বাড়িরেও বেশিক্ষণ রোদে থাকতে পারি না। সারাদিন হয়তো কেটে যায় অফিসের এসি ঘরের মধ্যেই। ভোরে ওঠার অভ্যাসেরও বালাই নেই। ফলে রোদ আমাদের জীবন থেকে চলেই গিয়েছে বলা যেতে পারে।
কিন্তু কেন রোদ নিয়ে এত কথা বলছি বলুন তো? কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, আমাদের সুস্থ রাখতে অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন ডি। কিন্তু রোদের অভাবে আমাদের শরীরে সেই ভিটামিন ডি-র ঘাটতি হচ্ছে। যার ফলে দেখা দিচ্ছে বিভিন্ন সমস্যা। যে সম্পর্কে আমরা বিশেষ ওয়াকিবহাল নই। জেনে নিন ভিটামিন ডি-র ঘাটতির কিছু লক্ষণ।
মুড সুইং:
সূর্যের আলোয় থাকলে শরীর ভিটামিন ডি তৈরি হয়। যা মস্তিষ্কে সিরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়ায়।
এই হরমোন আমাদের মুড ভাল রাখতে সাহায্য করে। সারাক্ষণ মেজাজ বিগড়ে থাকছে,
যখন তখন মুড সুইং হচ্ছে, এমনটা হলে বুঝতে হবে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি তৈরি হচ্ছে না।
ক্রনিক ব্যথা:
পেশীর যন্ত্রণা, গাঁটে ব্যথা, হাত, পায়ে ব্যথার সমস্যায় ভুগতে থাকেন? যে কোনও ক্রনিক ব্যথারই প্রধান কারণ শরীরে ভিটামিন ডি কমে আসা।
সারাদিন ক্লান্তি:
পরিশ্রম না করলেও সারা দিন ক্লান্ত লাগে আপনার? বা অল্প পরিশ্রমেই হাঁফিয়ে উঠছেন? হতে পারে আপনার শরীরে ভিটামিন ডি-র অভাব হয়েছে। আমাদের শরীরে এনার্জির স্বাভাবিক মাত্রা ধরে রাখতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন।
মাথায় ঘাম:
আমরা অনেকেই মাথা ঘেমে যাওয়ার সমস্যায় ভুগি। কপালে ঘাম জমে। এটা কিন্তু ভিটামিন ডি-র অভাবের অন্যতম প্রাথমিক লক্ষণ হতে পারে।
সারাদিন কি আপনার ঘুম ঘুম পায়? অফিসে কাজের মাঝে, ট্রামে, বাসে যখন তখন ঘুমে ঢুলে পড়েন? তাহলে আপনার শরীরে ভিটামিন ডি-র অভাব হয়ে থাকতে পারে।
জ্বর, সর্দিকাশি:
ভিটামিন ডি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই প্রায়শই জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে পড়ার ধাত থাকলে অবশ্যই শরীরে ভিটামিন ডি-র মাত্রা পরীক্ষা করিয়ে নিন।
মাড়ির সমস্যা:
মাড়ি থেকে রক্তক্ষরণ, অতিরিক্ত লালচে ভাব, ফোলা ভাব ভিটামিন ডি-র অভাবের লক্ষণ হতে পারে।


























