কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ৫ পর্যটকের মৃত্যু
- আপডেট সময় : ১১:৩২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 0
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সংলগ্ন ‘টুপটুপ রিসোর্ট’-এ শনিবার সকাল ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রিসোর্টটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য। এছাড়া অন্তত ৭ থেকে ৮ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নেভানোর কাজে নামে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই রিসোর্টের ভেতরে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। ধ্বংসস্তূপের ভেতর আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।
এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সঠিক সংখ্যা নিশ্চিত করতে আরও কিছুটা সময় প্রয়োজন। অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
























