পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন
- আপডেট সময় : ০৩:২৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 1
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ছয় সদস্যের একটি নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এই বোর্ড গঠনের মধ্য দিয়ে শ্রমিকদের দীর্ঘদিনের একটি অন্যতম প্রধান দাবির বাস্তবায়ন শুরু হলো। সরকার, বিজিএমইএ এবং বিকেএমইএ কর্তৃপক্ষ এই বিষয়ে একমত হয়েছে এবং শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকেও সদস্যদের নাম জমা দেওয়া হয়েছে। আজই এই বোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজিএমইএ এবং বিকেএমইএ প্রতিনিধিদের সাথে বৈঠক করেন শ্রমমন্ত্রী। সেখানেই মজুরি বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি। বর্তমান শ্রমিকরা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন। এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী।
বোর্ড ঘোষণার দিনেও রাজধানীর মিরপুর এবং গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। মিরপুরে রাস্তা থেকে অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। উল্লেখ্য, শনিবার মিরপুর, সাভার ও গাজীপুরে বিক্ষোভের সময় বিভিন্ন কারখানা ও মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ওইদিনের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।



















