গাজা সামুদ্রিক গ্যাসক্ষেত্র উন্নয়নে ইসরাইলের সম্মতি
- আপডেট সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / 150
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ফিলিস্তিন ও মিসরের সাথে নিরাপত্তার প্রয়োজনে গাজা উপত্যকায় একটি গ্যাসক্ষেত্রের উন্নয়নে প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরাইল। যদি এ প্রক্রিয়া সমাপ্ত হয়, তবে ফিলিস্তিনের অর্থনীতিতে নতুন প্রবাহ সৃষ্টি হবে।
রোববার (১৮ জুন) লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্মতি জ্ঞাপনের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, এ সম্মতি ইসরাইলের নিরাপত্তা ও কূটনৈতিক চাহিদা সংরক্ষণের ওপর নির্ভর করবে।
মিশর ও ইসরায়েল কয়েক বছর ধরেই পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস উৎপাদন করে আসছে। তবে গাজা উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এ ক্ষেত্রটি রাজনৈতিক বিরোধ, ইসরাইলের সাথে সংঘর্ষ ও অর্থনৈতিক নানা কারণে অনুন্নত রয়ে গেছে।
গাজা মেরিন এক ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস ধারণ করেছে বলে অনুমান করা হয়েছে। ফিলিস্তিনি অঞ্চলগুলোকে শক্তি দেয়ার জন্য যা প্রয়োজন, এটা তার থেকে অনেক বেশি। তাই সম্ভাবনা আছে, এ থেকে ফিলিস্তিন কর্তৃপক্ষ বাইরে রফতানি করবে।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনো বিবৃতি জানা যায়নি।
একজন ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘ইসরাইলীরা ঠিক কী বিষয়ে সম্মত হয়েছে, তা জানার জন্য আমরা অপেক্ষা করছি। গণমাধ্যমে দেয়া বিবৃতির ভিত্তিতে আমরা কোনো অবস্থান জানাতে পারি না।’
হামাসের কর্মকর্তা ইসমাইল রুদওয়ান রয়টার্সকে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, এটা গাজার মানুষের প্রাকৃতিক সম্পদ। এ সম্পদ উত্তোলনের অধিকার তাদের আছে।’
সূত্র : মিডল ইস্ট মনিটর
বিডিসংবাদ/এএইচএস






















