চট্টগ্রামে ২৩ মামলার আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 67
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন ২৩ মামলার আসামি মো. আব্দুল করিম।
আজ সকালে কোতোয়ালী থানার হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. আব্দুল করিম হাজারী গলি এলাকার মৃত জাহাঙ্গীর ওরফে শাহজাহানের ছেলে। এলাকায় তিনি ‘ডাইল করিম’ নামে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, করিমের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সব মিলিয়ে ২৩টি মামলা রয়েছে। অপরাধের খতিয়ান বিশ্লেষণে দেখা যায়, ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অন্তত ২১টি মামলা দায়ের হয়েছে, যার সবই মাদক ও বিশেষ ক্ষমতা আইনের আওতাভুক্ত। এছাড়া ২০২৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলাসহ সাম্প্রতিক আরও কয়েকটি মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গ্রেফতারকৃত করিমকে ২০২৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং ২০২৬ সালের ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস




















