জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তির প্রবেশাধিকার বাড়াতে চায় বাংলাদেশ
- আপডেট সময় : ১০:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 2
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জাপানের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশ কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে জাপানের শিজুওকায় একটি মানবসম্পদ সংযোগ (হিউম্যান রিসোর্স ম্যাচিং) সেমিনার আয়োজন করেছে।
আজ শিজুওকার গ্র্যানশিপ কনভেনশন সেন্টারে বাংলাদেশ-জাপান হিউম্যান রিসোর্স ম্যাচিং সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দূতাবাস এবং জাপান ইন্টারন্যাশনাল ট্রেইনি অ্যান্ড স্কিলড ওয়ার্কার কোঅপারেশন অর্গানাইজেশন (জিটকো) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
উদ্বোধনী অধিবেশনে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জাপানের ক্রমবর্ধমান শিল্পখাতে দক্ষ জনশক্তির চাহিদার সঙ্গে বাংলাদেশের জনমিতিক সুবিধাকে (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) যুক্ত করতে পারলে উভয় দেশই পারস্পরিকভাবে উপকৃত হবে।
তিনি বলেন, জাপানের শিল্পখাতের চাহিদা পূরণের জন্য বাংলাদেশের তরুণদের আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে।
রাষ্ট্রদূত জানান, বর্তমানে বাংলাদেশে ২৫০টিরও বেশি প্রশিক্ষণ কেন্দ্রে বিপুলসংখ্যক তরুণ-তরুণীকে জাপানি ভাষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে নিয়মিতভাবে সাতটি ক্যাটাগরিতে স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার (এসএসডব্লিউ) মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি গত ছয় মাসে কর্মসংস্থানসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১২ হাজারেরও বেশি বাংলাদেশি জাপানে গেছেন।
স্বাগত বক্তব্যে জিটকোর সভাপতি শিনজি ওগাওয়া বাংলাদেশি কর্মীদের পরিশ্রম, সততা এবং জাপানি সংস্কৃতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতার প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশি টেকনিক্যাল ইন্টার্ন এবং স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কাররা জাপানের বিভিন্ন খাতে সুনামের সঙ্গে কাজ করছেন। সাম্প্রতিক বছরগুলোতে জাপানি ভাষা ও দক্ষতা পরীক্ষায় বাংলাদেশি প্রার্থীদের পাসের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মো. জয়নাল আবেদীন এক উপস্থাপনায় জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী সরবরাহে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশি কর্মী নিয়োগে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বাড়ছে। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণেরও ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে।
সেমিনার ও নেটওয়ার্কিং অনুষ্ঠানে জাপানের তত্ত্বাবধায়ক সংস্থা, নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বাংলাদেশ থেকে সফররত প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।
বিডিসংবাদ/এএইচএস



















