নান্দাইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
- আপডেট সময় : ১১:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 20
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
জেলার নান্দাইলে পুকুরের পানিতে ডুবে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। পুকুরে ডুবে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে বড় বোন পানিতে ঝাঁপ দিলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরলক্ষীদিয়া বালুচর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
তারা হলো- ওই গ্রামের কৃষক মো. শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৭) এবং ছেলে মাহমুদুল হাসান (৫)।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, ঘটনার সময় মাহমুদুল ও শরীফা বাড়ির পাশে বাবার বেগুন ক্ষেত দেখতে যায়।
সেখান থেকে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত ছোট ভাই মাহমুদুল পাশের একটি গভীর পুকুরে পড়ে ডুবে যায়।
চোখের সামনে ছোট ভাইকে ডুবতে দেখে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় বড় বোন শরীফা। কিন্তু সাঁতার না জানায় দুজনেই পানির গভীরে তলিয়ে যায়।
এ সময় আশেপাশে থাকা অন্য শিশুরা ঘটনাটি দেখতে পেয়ে তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ভাই ও বোনের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে মা মঞ্জিলা বেগমের আহাজারিতে হৃদবিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
খবরের সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুজাহিদুল ইসলাম বাসসকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডিসংবাদ/এএইচএস




















