নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের
- আপডেট সময় : ১১:০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 3
জামায়াত বা এনসিপির মধ্যে জনতাকে উজ্জীবিত করার মতো তেজস্বী কোনো নেতার উপস্থিতি নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ১৫ অক্টোবর, বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন। স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, বিরোধী রাজনৈতিক চরিত্রে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকতে হয়। তিনি লেখেন, জেল-জুলুম আর ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। গুপ্ত রাজনীতি অর্থাৎ গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এই বারুদ কণ্ঠ অর্জন করা যায় না। তিনি আরও লেখেন, বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। কিন্তু আজকে জামায়াত-এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেলো। স্ট্যাটাসে নুরুল হক নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে রাশেদ খাঁন লেখেন, ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে।
এ সময় তিনি প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সাম্প্রতিক বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন। রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন যে, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কথার ঝাঁঝ বা মিসাইলে মগবাজার ও বাংলামোটর এলাকা কার্যত তছনছ হয়ে গেছে। জনমনে উদ্দীপনা সৃষ্টিকারী নেতৃত্বের অভাব নিয়ে করা তার এই রাজনৈতিক পর্যবেক্ষণটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।




















