বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তত চীন
- আপডেট সময় : ০৭:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / 158
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
অধ্যাপক ইউনূস বলেন, ‘চীনে আমরা অনেক বন্ধু পেয়েছি। আমরা এই বন্ধুত্বকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।’
বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তত চীন। অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার অ্যাজেন্ডার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেছেন, চীনা সরকার, চীনা ব্যবসায়ী এবং জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন পাওয়ার পাশাপাশি বাংলাদেশে বড় ধরনের সংস্কারের প্রয়োজন। তিনি এ সমর্থনকে খুবই প্রয়োজনীয় বলে অভিহিত করেছেন।
সম্প্রতি চীন সফরের সময় বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সাথে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী।
এ সময় ঢাকা-বেইজিং সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট শির সাথে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সাহায্য ও সমর্থন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, চীন এতে আগ্রহী এবং প্রেসিডেন্ট শি সময়মতো এটি বাংলাদেশে পৌঁছে দেয়ার চেষ্টা করবেন।
অধ্যাপক ইউনূস বলেন, অর্থনীতি ও বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ‘আজ সবার সাথে একটি প্রাথমিক আলোচনা হয়েছে। বাংলাদেশে যে সুযোগগুলো তৈরি হয়েছে তা অন্বেষণ করতে, চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশে আসবেন এবং তারা নতুন কী করা যেতে পারে তা পর্যবেক্ষণ করবেন।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘চীনে আমরা অনেক বন্ধু পেয়েছি। আমরা এই বন্ধুত্বকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।’
বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০তম বার্ষিকীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সম্পর্ককে আরো গভীর করার চেষ্টা করবে বলে তিনি জানান। তিনি বলেন, তার চীন সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যবর্তী সম্পর্ককে জোরদার করা এবং সেজন্যই তিনি রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন পেশাদার নেতাদের সাথে দেখা করেছেন।
ড. ইউনূস বলেন, চীন তাকে আশ্বস্ত করেছে যে তারা যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশকে সমর্থন করবে।
সূত্র : বাসস
বিডিসংবাদ/এএইচএস




















