মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 6
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মোংলা বন্দর থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেখানে বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীনের সম্মিলিত প্রচেষ্টায় শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মোংলাকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্প প্রসারে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যে কর্মরত চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগে সহযোগিতার জন্য প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় অংশ নেওয়ায় চীনা বিনিয়োগকারীদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বড় ধরনের অর্থনৈতিক সম্ভাবনা তৈরির আশাবাদ ব্যক্ত করেন।




















