যুক্তরাষ্ট্রে শক্তিশালী সামুদ্রিক ঝড়ে ফ্লাইট বাতিল ও প্রাণহানি
- আপডেট সময় : ১১:৩০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 16
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে মৌসুমের প্রথম শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘নরইস্টার’ আঘাত হেনেছে। এর প্রভাবে নিউইয়র্ক, বোস্টন, ফিলাডেলফিয়া, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়াসহ বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বইছে। ঝড়ের তীব্রতায় জনজীবন স্থবির হয়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ও বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। নিউইয়র্কের ব্রুকলিনে ঝোড়ো বাতাসে একটি গাছ উপড়ে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির ওপর পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজডটকমের তথ্যমতে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই অঞ্চলে ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। ঝোড়ো বাতাসের কারণে আরও সরবরাহ লাইনে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছেন, ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ার ঝুঁকি রয়েছে, তাই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, লং আইল্যান্ডে আগামী কয়েক দিনে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা নিচু এলাকায় জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়াচ্ছে। কর্তৃপক্ষ উপকূলীয় এলাকায় ২০ ফুট বা ৬ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের ব্যাপারে সতর্ক করেছে। বাসিন্দাদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, নরইস্টারের কারণে উত্তর-পূর্বাঞ্চলের বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। শনিবার সকাল থেকেই শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে কেবল বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরেই ২৫৩টি ফ্লাইট বাতিল হয়েছে। জেটব্লু, ইউনাইটেড এয়ারলাইনস ও আমেরিকান এয়ারলাইনসের মতো বড় বিমান সংস্থাগুলো ভ্রমণ সতর্কতা জারি করেছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিনা ফিতে ফ্লাইট পরিবর্তনের সুযোগ দিচ্ছে। আবহাওয়া আরও কয়েক দিন খারাপ থাকার সম্ভাবনা থাকায় যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সময়ে পুরো অঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের খবর পাওয়া গেছে।

























