শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে প্রথমবার ফরমাল চার্জ দাখিল
- আপডেট সময় : ০১:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 196
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের অভিযোগে দু’টি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে একটিসহ মোট তিনটি ফরমাল চার্জ দাখিল হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত আলোচিত গুমের ঘটনায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দু’টি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
আজ বুধবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের অভিযোগে দু’টি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে একটিসহ মোট তিনটি ফরমাল চার্জ দাখিল হয়েছে।
প্রদত্ত ফরমাল চার্জগুলো হলো:-
১. গুমের (টিএফআই) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ।
২. গুমের (জেআইসি) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ।
৩. জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবির গুলির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে ছয়টি অভিযোগ।
এর আগে, ৬ অক্টোবর গুমের মামলার অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটর জানান, ‘খুব সহসাই এ সপ্তাহের মধ্যেই বেশ কিছু ঘটনার বিষয়ে অগ্রগতি দেখা যাবে। আমরা আজকে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না।’
তদন্ত শেষ হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘গুমের মামলা অনেক রয়েছে। সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহেই দাখিল হবে। যেহেতু এটি একটি জটিল মামলা, তাই প্রতিটি খুঁটিনাটি বিষয় যাচাই করা হচ্ছে।’
বিডিসংবাদ/এএইচএস




















