মিরপুর ঝিলপাড় বস্তি উচ্ছেদ: গৃহায়ন কর্তৃপক্ষের অভিযান, পুনর্বাসনের দাবিতে বস্তিবাসীর ক্ষোভ
সাংবাদিক সমবায়ের জমি পুনরুদ্ধারে মিরপুর ঝিলপাড় বস্তি উচ্ছেদ অভিযান
- আপডেট সময় : ১০:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / 338
রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন সাত একর জমি দখলমুক্ত করতে মঙ্গলবার (২১ জানুয়ারি) শুরু হয় উচ্ছেদ অভিযান। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে প্রথমে বস্তির দক্ষিণ অংশে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
উচ্ছেদ অভিযানের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বস্তিতে বসবাসরত প্রায় ২০ হাজার মানুষ। বস্তিবাসীরা অভিযোগ করেছেন, আগাম কোনো নোটিশ না দিয়েই উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে, যা তাদের জন্য অমানবিক। তারা পুনর্বাসনের দাবি জানান এবং অভিযানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানায়, ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে ঝিলপাড়ের এই সাত একর জমি বরাদ্দ দেওয়া হয়। তবে ২০০৯ সালে এটি দখল হয়ে যায়। দীর্ঘদিন ধরে জমি বুঝে না পাওয়ার অভিযোগে সমিতি কর্তৃপক্ষ এবার গৃহায়ন কর্তৃপক্ষের সহায়তায় জমি পুনরুদ্ধারের দাবি জানায়।
ঢাকা সাংবাদিক সমিতির সভাপতি সদরুল হাসান বলেন, ‘সংসদ সদস্য ইলিয়াস মোল্লার লোকেরা বারবার জায়গাটি দখল করেছেন। প্রতিবারই উচ্ছেদের পর আবার দখল করে নেওয়া হয়েছে। তবে এবার নতুন সরকারের সময় জমি বুঝে নিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইয়েবুর রহমান আশিক জানান, বস্তিবাসীদের আগাম নোটিশ দেওয়া হয়েছে এবং জমির প্রকৃত মালিকদের জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য সরকার কাজ করছে।
উচ্ছেদ অভিযানের প্রস্তুতি হিসেবে আগের মঙ্গলবার বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তবে পুনর্বাসনের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এখনো জানানো হয়নি, যা বস্তিবাসীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

























