হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড: অক্টোবরেই ২৮টি ঘটনা
- আপডেট সময় : ০৯:৫৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 0
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা চলতি অক্টোবরে নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলকারী অন্তত ২৮টি জাহাজে এ মাসে হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই এ অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি চরম সংকটের মুখে পড়েছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য বলছে, গত ফেব্রুয়ারি থেকে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত মোট ১১৩টি জাহাজে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত হামলার সংখ্যা ১১৩-তে দাঁড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সংকলিত তথ্যের বরাত দিয়ে এ কথা জানানো হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, হামলার সংখ্যার হিসেবে কিছুটা ভিন্নতা থাকলেও পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট।
আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও)-এর হিসাবে যুদ্ধ শুরুর পর থেকে ১২০টি ঘটনার রেকর্ড রয়েছে। এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, গত ১৬ অক্টোবর পর্যন্ত তারা মোট ১৩৫টি ঘটনার খবর পেয়েছে। সংস্থাটি অবশ্য সতর্ক করেছে যে, সব ধরনের হামলার তথ্য সব সময় প্রতিবেদনে উঠে আসে না, যার ফলে বিভিন্ন সংস্থার নথিপত্রে পার্থক্যের সৃষ্টি হয়।
চলমান এই উত্তেজনার বড় প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনে। আইএমওর তথ্য অনুযায়ী, বিশ্বের বর্তমান সুপারট্যাংকার বহরের প্রায় ৩ দশমিক ৫ শতাংশ হামলার শিকার হয়েছে। উল্লেখ্য, বিশ্বে বর্তমানে ৯০০টিরও বেশি সুপারট্যাংকার রয়েছে। এসব জাহাজে একের পর এক হামলার ঘটনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং সামুদ্রিক নিরাপত্তার ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে।

























