সুরঞ্জিতের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও খালেদার শোক
- আপডেট সময় : ১১:৪৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
- / 239
প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়।।
রোববার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত শুধুমাত্র একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রবীণ পার্লামেন্টারিয়ান। তিনি দেশের প্রথম সংবিধান রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’
তিনি বলেন, দেশের সংসদীয় রাজনীতির ক্ষেত্রে সুরঞ্জিত সেনগুপ্তের বিশাল অবদান জনগণ তাদের স্মরণে রাখবে। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি।’
তিনি সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর শোক
একই সঙ্গে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি হলো।
শোকবার্তায় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তার মৃত্যুতে দেশ এক নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো আর আওয়ামী লীগ হারালো দলের একজন নিবেদিতপ্রাণ নেতাকে।’
সংসদীয় গণতন্ত্র শক্তিশালী ও সুসংহত করতে সুরঞ্জিত সেনগুপ্তের অবদানের কথাও স্মরণ করেন শেখ হাসিনা। তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত দেশের প্রথম সংবিধান রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।
রোববার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক হিসেবে তার রাজনৈতিক জীবনে দেশমাতৃকার মুক্তির জন্য সুরঞ্জিত সেনগুপ্ত যে অবদান রেখেছেন তা জাতি কোনোদিন ভুলবে না। তিনি একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশ ও দেশের মানুষের অধিকারের পক্ষে সবসময় সোচ্চার থেকেছেন।
অপর এক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্তকে দেশের স্বাধীনতা যুদ্ধের একজন অনন্য সংগঠক ও প্রথিতযশা রাজনীতিক। তিনি ছিলেন মনেপ্রাণে একজন খাঁটি রাজনীতিবিদ এবং জাতীয় সংসদে একজন সুদক্ষ পার্লামেন্টারিয়ান।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের রাষ্ট্র গঠনে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের অনন্য ভূমিকা এদেশবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দু:সময়ে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের মতো একজন বর্ষীয়ান নেতা পৃথিবী থেকে বিদায় নেওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে এক বড় ধরণের শুন্যতার সৃষ্টি হলো।
প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনা করে মির্জা ফখরুল শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।




















