লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ
- আপডেট সময় : ০১:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 136
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জেলার লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড় এলাকায় অবস্থিত হোয়াইট পিক স্টেশন রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সোহান ঢাকার মিরপুর ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহান ও তার বন্ধু শাকিল বৃহস্পতিবার সকালে রিসোর্টে উঠেন। দুপুরে তারা নদীতে গোসল করতে নামলে হঠাৎ প্রবল স্রোতে ভেসে যান সোহান।
সাঁতার জানা শাকিল কোনোরকমে তীরে উঠতে পারলেও তার বন্ধু সোহানকে উদ্ধার করতে পারেননি।
রিসোর্টের মালিক মো. আজিম বলেন, ‘অগ্রিম বুকিং ছাড়া তারা আজ সকালে আমাদের রিসোর্টে আসেন। দুপুরে নদীতে গোসল করতে গিয়ে সোহান নিখোঁজ হলে আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেই।’
লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছি। চট্টগ্রাম থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে’।
বিডিসংবাদ/এএইচএস




















