ফেনীর ফাজিলপুরে নুরুন নাহার-মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে এমপি ভিপি জয়নাল ও এম এ কাসেম
- আপডেট সময় : ১২:২০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 293
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ফেনীর ফাজিলপুরে অবস্থিত ‘নুরুন নাহার-মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল’ পরিদর্শন করেন সংসদ সদস্য ভিপি জয়নাল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাসেম।

শমরিতা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং উক্ত দাতব্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. এ বি এম হারুনের সার্বিক তত্ত্বাবধানে এই সৌজন্য সাক্ষাৎ ও পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।



হাসপাতাল পরিদর্শনের সময় অতিথিবৃন্দ সেখানে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেন। ঢাকা থেকে আগত দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে এই ক্যাম্প পরিচালিত হয়।


অতিথিগণ চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসক লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সেলিমুর রহমান, হাড় ভাঙ্গা ও বাত ব্যথা বিশেষজ্ঞ ডা. মাসুদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ ডা. সোহেল মাহমুদ এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. নুরুল আবসার (মামুন)-এর সাথে সাক্ষাৎ করেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এমন চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন।

হাসপাতাল ও ক্যাম্প পরিদর্শন শেষে অতিথিবৃন্দ ডা. এ বি এম হারুনের বাসভবনে আয়োজিত এক প্রীতি মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় এমপি ভিপি জয়নাল এবং এম এ কাসেম সমাজকল্যাণে ডা. হারুনের বহুমুখী উদ্যোগের আন্তরিক প্রশংসা করেন।

তারা জানান, ডা. হারুন তার নিজ এলাকায় শুধু দাতব্য হাসপাতালই নয়, বরং মসজিদ, মাদ্রাসা, স্কুল এবং আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করে সমাজসেবা ও মানবকল্যাণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আন্তরিক এই মতবিনিময়কালে ডা. এ বি এম হারুন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, ফাজিলপুরের মানুষের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ভবিষ্যতে এখানে একটি আধুনিক কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করবেন তিনি। উপস্থিত অতিথিরা তার এই মহতী পরিকল্পনার প্রতি সাধুবাদ জানান এবং এলাকার সার্বিক শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।



























