১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- আপডেট সময় : ০৫:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 67
নিজস্ব প্রতিবেদক
দেশের শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেওয়ার লক্ষ্যে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’। সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এ তথ্য জানিয়েছে।
দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুন ও কার্যকর টিকা যুক্ত করার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিকা প্রদান বিষয়ক প্রয়োজনীয় তথ্য:
- বয়সসীমা: ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ মাস বয়সী সব শিশুকে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় এই টিকা দেওয়া হবে।
- প্রাপ্তিস্থান: দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে এই টিকা গ্রহণ করা যাবে।
- প্রয়োগের নিয়ম: শিশুকে বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশে মাংসপেশিতে ০.৫ (শূন্য দশমিক ৫) মিলি মাত্রার এক ডোজ টিকা দেওয়া হবে।
- সহ-প্রদান: টিকাদান সেশনে এমআর-২ (MR-2) টিকার সঙ্গেই টিসিভি টিকা দেওয়া যাবে।
এই টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা তৈরি করবেন এবং ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন নিশ্চিত করবেন।
অভিভাবকদের সচেতন করে তুলতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে দেশব্যাপী উঠান বৈঠক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।





















