হেপাটাইটিসে মৃত্যুতে শীর্ষ দশে বাংলাদেশ
আজ বিশ্ব হেপাটাইটিস দিবস: সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে গুরুত্বারোপ
- আপডেট সময় : ০১:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 18
স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্কঃ
সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ (২৮ জুলাই) পালিত হচ্ছে ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’। হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও চিকিৎসার ওপর জোর দিয়ে দেশব্যাপী নানা কর্মসূচি ও অঙ্গীকারের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘চলুন সহজভাবে বুঝি’। এই প্রতিপাদ্যের মাধ্যমে মূলত হেপাটাইটিস নিয়ে জনমনে থাকা ভুল ধারণাগুলো দূর করে সঠিক সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এই রোগ ঘিরে থাকা অহেতুক ভীতি ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করে এর প্রতিরোধ, পরীক্ষা এবং চিকিৎসাসেবা সবার জন্য সহজলভ্য করার প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে।
নোবেল বিজয়ী বিজ্ঞানী বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ হেপাটাইটিস-বি ভাইরাস আবিষ্কার করেন। এর পাশাপাশি তিনি রোগটি নির্ণয়ের পরীক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টিকাকরণ শুরু করেছিলেন। চিকিৎসাবিজ্ঞানে তাঁর এই অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতে তাঁর জন্মদিন ২৮ জুলাইকে ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ হিসেবে বেছে নেওয়া হয়।
প্রাথমিকভাবে ২০০৮ সালের ২৮ জুলাই বিশ্ববাসীকে সচেতন করতে এই দিবসটি পালনের উদ্যোগ নেয় ‘বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স’। পরবর্তীতে ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দিবসটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। এরপর থেকেই বিশ্বব্যাপী প্রতিবছর এই দিনটি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে একটি হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর চিকিৎসা সুবিধার প্রসার এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসে আক্রান্ত যা হেপাটাইটিসজনিত মৃত্যুর দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ দেশের একটি । বেসরকারি হিসেব বলছে, এই নীরব ঘাতক রোগে দেশে প্রতিবছর ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হেপাটাইটিস নিয়ে উদ্বেগের সবচেয়ে বড় কারণ হলো অজ্ঞতা। সারা বিশ্বে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসে সংক্রমিত প্রতি ১০ জন রোগীর মধ্যে ৯ জনই জানেন না যে, তাদের শরীরে এই প্রাণঘাতী ভাইরাসটি বাসা বেঁধে আছে। তাই প্রাথমিক পর্যায়ে পরীক্ষা ও প্রতিরোধের কোনো বিকল্প নেই।




















