নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে চারজন নিখোঁজ
- আপডেট সময় : ১০:১৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 26
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে এক কিশোরীসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন—ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিখোঁজদের মধ্যে তিনজন লাখপুর গ্রামে মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। নদীতে গোসলের সময় তারা তলিয়ে যেতে থাকলে তাদের বাঁচাতে গিয়ে সৌরভও পানিতে ডুবে যান। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের খবর দেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হলেও নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ায় আপাতত অভিযান স্থগিত রাখা হয়েছে।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান জানান, নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ভৈরব থেকে ডুবুরি দল এসে শনিবার সকালে পুনরায় উদ্ধার তৎপরতা শুরু করবে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সকালে উদ্ধার কার্যক্রম আবার শুরু হবে। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস তৎপর রয়েছে।

























