নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৬:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 18
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামে হাওরের পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার এবং শাহাদত একই গ্রামের মো. সেকুল মিয়ার সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশু দুটি খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বিদ্যালয়ের পাশের হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে হাওরের পানিতে তাদের ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

























