সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নেই: মাহদী আমিন
- আপডেট সময় : ০৩:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 23
রাজনৈতিক দল বা প্রশাসনের নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্ম কিংবা ভাঙচুরের সাথে জড়িত থাকলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি স্পষ্ট করে বলেন, অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যে-ই হোক, আইন তার নিজস্ব গতিতেই চলবে বলে হুশিয়ারিও দেন তিনি।
রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। ওই ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। যেকোনো অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মিরপুরের ঘটনায় ইতোমধ্যেই ৯ জনকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করা হয়েছে।
মাহদী আমিন আরও জানান, দুষ্কৃতকারীরা কোনো রাজনৈতিক দলের পরিচয় বা সরকারের উচ্চপদস্থ ব্যক্তির নাম ব্যবহার করে পার পাওয়ার সুযোগ পাবে না। অপরাধীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
























