আইএসপিআর: সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড নিরাপত্তা ঘটনায় করে
- আপডেট সময় : ০৬:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 32
রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে সম্প্রতি ঘটে যাওয়া সংঘাতময় পরিস্থিতির জন্য পাহাড়িদের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) সরাসরি দায়ী করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গঙ্গারাম বাজার এলাকায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা স্থানীয় বাসিন্দাদের জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ করে এবং পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এই ঘটনায় সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে সেখানে ভ্রমণরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। বৃহস্পাতিবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় দেওয়া এক সংবাদ বিবৃতিতে আইএসপির এক কথা বলেছে। তবে এ বিষয়ে ইউপিডিএফের বক্তব্য এখনো জানা যায়নি।
পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলাকালে সকাল ১০টার দিকে অবরোধকারীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেনাসদস্য ও পুলিশ সদস্যরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নিলেও, সকাল ১০টা ৪৫ মিনিটে ইউপিডিএফের প্ররোচনায় অবরোধকারীরা হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
আইএসপিআরের ভাষ্যমতে, সকাল ১১টার দিকে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে আনুমানিক ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলিবর্ষণ করলে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করে। সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অবরুদ্ধ পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয় এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংস্থাটির দাবি, প্রাথমিক তথ্য অনুযায়ী, এই অবরোধ ও সহিংসতার ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে বাধ্য করা এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আইএসপিআর আরও জানায়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের ফলে কোণঠাসা হয়ে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের একটি অংশ পর্যটন এলাকায় অবস্থান নিয়েছিল।
এই ধরনের সহিংস কার্যক্রম পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে এবং পর্যটনশিল্পসহ স্থানীয়দের জীবনযাত্রার ওপর বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে নিরীহ পর্যটকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলা এবং সাধারণ মানুষকে জোরপূর্বক অবরোধে যুক্ত করা অত্যন্ত শঙ্কার বিষয়। বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে এবং জনগণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।
























