সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১
- আপডেট সময় : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 0
চট্টগ্রামের সীতাকুণ্ডে শুক্রবার রাতে দুর্বৃত্তদের অতর্কিত গুলিবর্ষণে তারেক হোসেন বাপ্পি (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামের আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত বাপ্পি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকার বাসিন্দা মৃত আলী আহমদ ও জমিলা খাতুনের ছেলে এবং আহত শাওন অলিনগর এলাকার ইউসুফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে গুলি ছুড়লে বাপ্পি ও শাওন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন। আহত শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, যেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল পুলিশ ফাঁড়ি। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক স্বজনদের বরাতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই হামলার কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, গত কয়েক দিন ধরে এলাকায় অস্থিরতা বিরাজ করছিল। অনেকে ধারণা করছেন, সাগরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে থাকতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
























