উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় হামলার হুমকি ইরানের
- আপডেট সময় : ০২:২১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 0
যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন কোনো সামরিক অভিযান চালালে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনা, আন্ডারসি ক্যাবল, ডেটাসেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রগুলোতে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, ডনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু আবারও আক্রমণ করলে তেহরানের কোনো ‘রেড লাইন’ বা সীমানা মানার বাধ্যবাধকতা থাকবে না।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পর থেকেই ইরানে যৌথ হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন ও তেল আবিব। এ বিষয়ে আলোচনা করতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরাইলে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। এরই মধ্যে বুধবার হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই অস্থিরতার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৩.৪ ডলারে (প্রায় ১৩ হাজার ৬০০ টাকা) দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসন আগামী নভেম্বরের মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বড় আকারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
ইরানি বিশ্লেষকদের মতে, নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চলের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং বিশ্ব অর্থনীতি ভয়াবহ মন্দার কবলে পড়বে। তবে একইসঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ পারমাণবিক ইস্যুতে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসনের প্রস্তাবও রেখেছে তেহরান।
























