জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১০:২০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 0
বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার, বাণিজ্যিক পরিধি বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরির লক্ষ্য নিয়ে টোকিওতে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে, বেলা ১১টা ৩২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ে পৌঁছালে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বৈঠকের আলোচ্যসূচিতে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক ভূ-রাজনীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনার বিষয়বস্তু অন্তর্ভুক্ত রয়েছে। জাপান ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দুই নেতা বিস্তারিত মতবিনিময় করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তারেক রহমানের সঙ্গে এই সফরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। এতে অন্যদের মধ্যে উপস্থিত আছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এছাড়া প্রতিনিধিদলে আরও রয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। উল্লেখ্য, সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান টোকিওতে অবতরণ করেন। উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৬ অক্টোবর) সকালে টোকিও পৌঁছান।























